রাজশাহীতে আ: লীগের কার্যালয়ে জেলা প্রশাসনের সাইনবোর্ড

রাজশাহীতে আ: লীগের কার্যালয়ে জেলা প্রশাসনের সাইনবোর্ড

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী: রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙা দলীয় কার্যালয়ের জায়গায় এবার মালিকানা দাবি করে সাইনবোর্ড টানিয়েছে জেলা প্রশাসন। 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে এই সাইনবোর্ডটি স্থাপন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে টানানো ওই সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (Vested and Non-Resident Property) হিসেবে উল্লেখ করা হয়েছে। সাইনবোর্ডে স্পষ্ট জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর। এর মাধ্যমে কুমারপাড়ার এই গুরুত্বপূর্ণ জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি নিয়ন্ত্রণে এলো।

এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই ও পাল্টাপাল্টি দাবির ঘটনা ঘটছে। ইতিপূর্বে এই জমিতে নিজের মালিকানা দাবি করে সাইনবোর্ড টানিয়েছিলেন ডা. দুর্জয় মৈত্র

ডা. দুর্জয় মৈত্রের মা অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের দাবি, দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন। সেই রায় অনুযায়ী তার প্রবাসী ছেলে এই জমির প্রকৃত মালিক।

অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, আদালতের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের সাইনবোর্ড টানানো আদালতের অবমাননা। তিনি এই পদক্ষেপের বিরুদ্ধে পুনরায় আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ভবনটি ভাঙাচোরা ও অব্যবহৃত থাকায় এতদিন এটি অরক্ষিত ছিল। জেলা প্রশাসনের এই পদক্ষেপের পর জায়গাটি এখন সরাসরি সরকারি তদারকিতে চলে গেল। তবে আদালতের রায় এবং জেলা প্রশাসনের দাবির মধ্যবর্তী এই সংঘাত নিরসনে পরবর্তী আইনি পদক্ষেপ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন