দুর্নীতির অভিযোগ অস্বীকার, সুষ্ঠু তদন্ত দাবি সার্ভেয়ার সবুজের

দুর্নীতির অভিযোগ অস্বীকার, সুষ্ঠু তদন্ত দাবি সার্ভেয়ার সবুজের

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভার নতুন কোটপাড়া এলাকায় লুৎফর রহমানের একটি নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পৌরসভার সার্ভেয়ার (ড্রাফটস্ম্যান) সবুজের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নিয়মবহির্ভূতভাবে কাজ চালানোর সুযোগ দেওয়ার অভিযোগ উঠলেও তিনি তা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ পৌরসভার নতুন কোটপাড়া এলাকায় লুৎফর রহমানের ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি নজরে এলে পৌর কর্তৃপক্ষ একাধিক স্মারকের মাধ্যমে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। একই সাথে ভবনের বর্ধিত অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠেছে, সেই নির্দেশনা উপেক্ষা করে ভবন মালিক কাজ চালিয়ে গেছেন এবং এক্ষেত্রে সার্ভেয়ার সবুজ অর্থের বিনিময়ে তাকে সুযোগ করে দিয়েছেন।

নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সার্ভেয়ার সবুজ বলেন: “একটি স্বার্থান্বেষী মহল আমার সম্মানহানি ও ব্যক্তিগত ক্ষতি করার হীন উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি কোনো ধরনের অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নই। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, “আমি চাই প্রশাসন বিষয়টি নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করুক। প্রকৃত সত্য উদঘাটিত হলে দোষী ব্যক্তি চিহ্নিত হবে এবং আমি আমার হারানো সম্মান ফিরে পাব।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, নিয়ম না মেনে ভবন নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, যা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করছে। তারা এই অনিয়ম বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন