কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন

কিশোরগঞ্জে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিদর্শন

পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ প্রতিনিধি: হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রানী সরকার কিশোরগঞ্জ জেলায় মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা ও গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। 

সোমবার (৬ এপ্রিল ২০২৬) দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ, শিক্ষা কার্যক্রম পরিদর্শন এবং সেবাইতদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

সকাল ১০টায় মন্টি রানী সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন কার্যক্রম নিয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে তিনি জেলা শহরের বিভিন্ন মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর আখড়া মন্দির, শ্রী শ্রী লোকনাথ মন্দির, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউড় আখড়া মন্দিরগুলোতে পরিচালিত প্রাক-প্রাথমিক স্কুল ও গীতা স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পাঠদান পদ্ধতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (৬ষ্ঠ পর্যায়) কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর, ফিল্ড অফিসার দীপংকর চন্দ্র সিংহ এবং সনাতনী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব গোপাল নন্দী, তাপস সাহাজীবন চন্দ্র দাস

দুপুর ১২টায় শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে 'পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)' বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি অসীম সরকার বাঁধন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি মন্টি রানী সরকার বলেন, বর্তমান সরকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে নিরলস কাজ করছে। তবে আমাদের প্রতিটি পরিবারকে স্বনির্ভর হতে হবে। কৃষিকাজে সম্পৃক্ততা বাড়ানো এবং ক্ষুদ্র পরিসরে হাঁস-মুরগি ও গবাদি পশু পালনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব।"

তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চলমান বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত পুরোহিত ও সেবাইতদের অবহিত করেন এবং এগুলো যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন