নতুন সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন

নতুন সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনার পর ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি মুলতবি করা হয়। আলোচিত ৮টি প্রকল্পের মধ্যে ৬টি অনুমোদিত হয়েছে এবং বাকি দুটি প্রকল্পকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির অবশিষ্ট প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রেওয়াজ থাকলেও, এবার তা ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি আয়োজন করা হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, প্রশাসনিক গতিশীলতা ও নীতিনির্ধারণী কাজের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই বৈঠকের জন্য পরিকল্পনা কমিশন চত্বরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা করা হলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে গঠিত এই শীর্ষ কমিটির এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক সভা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন