ধর্ম ত্যাগ করে বিয়ে, ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

ধর্ম ত্যাগ করে বিয়ে, ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার

হাসান ইসলাম, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করায় একমাত্র সন্তান মো. সজল আলীকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার পিতা মো. আজগর আলী সরদার। পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের বাসিন্দা আজগর আলী সরদারের একমাত্র সন্তান সজল আলী। হলফনামা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সজল ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘সজল সরকার’। এরপর ৯ ফেব্রুয়ারি তিনি আরতি রাণী নামে এক হিন্দু নারীকে বিয়ে করেন।

ছেলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পিতা আজগর আলী সরদার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, সজল বা তার কোনো প্রতিনিধি ভবিষ্যতে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির কোনো অংশীদার হতে পারবে না এবং উত্তরাধিকার সূত্রে কোনো দাবি করলেও তা আইনত গ্রহণযোগ্য হবে না।

এই ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে ধর্মীয় অনুভূতি ও পারিবারিক মূল্যবোধের সংঘাত, অন্যদিকে বিদ্যমান আইনের ব্যাখ্যা নিয়ে জনমনে নানা আলোচনা চলছে। আইন অনুযায়ী, ধর্মীয় পরিবর্তনের কারণে উত্তরাধিকার সম্পত্তিতে অংশীদারিত্বের বিষয়টি অত্যন্ত জটিল এবং এটি আদালতের মাধ্যমে মীমাংসাযোগ্য।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন