নড়াইলে বিরোধের জেরে মুক্তিযোদ্ধার ওপর হামলা

নড়াইলে বিরোধের জেরে মুক্তিযোদ্ধার ওপর হামলা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষ্ণপদ আচার্য্য (৭৩) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। 

রবিবার (৫ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ফজর শেখ ও অলিয়ার শেখের সাথে মনসা মন্দিরের একটি জায়গা নিয়ে কৃষ্ণপদ আচার্যের দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছে।

রবিবার রাতে কালিয়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন কৃষ্ণপদ। পথে ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭)মাহিদুল শেখ (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার মাথা, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন ও মাহিদুল শেখ গা ঢাকা দিয়েছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন:

“জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা হয়েছে। হামলাকারীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাদের আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি।”

মন্তব্য করুন