ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত এই নৃশংস ঘটনার বিচার সম্পন্ন হয়নি। বিগত দিনের বিভিন্ন সরকার—২০১৪ সালের একদলীয় সরকার, ২০১৮ সালের রাতের সরকার, ২০২৪ সালের ডামি সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার—সবাই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র দেড় মাস। আমরা আশা করছি, এই সরকার তাদের গঠনমূলক নেতৃত্বের মাধ্যমে ঘরে ঢুকে করা এই নির্মম হত্যার বিচার নিশ্চিত করবে। যদি এই সরকারও ব্যর্থ হয়, তবে তাদের ওপরও ব্যর্থতার দায় বর্তাবে।”
সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে, আগামী বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সেখান থেকে ইতিবাচক আশ্বাস না পাওয়া গেলে সাংবাদিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তদন্তের ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:
“সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ পর্যন্ত ১২৫ বার পেছানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে চাঞ্চল্যকর কোনো হত্যা মামলার প্রতিবেদন এতবার পেছানোর নজির নেই। সরকার আন্তরিক থাকলে এত সময় লাগার কথা নয়।”
ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছেও বিচার পাওয়ার আশা ছিল, কিন্তু তারাও তা সম্পন্ন করতে পারেনি। এখন বর্তমান বিএনপি সরকারের কাছে আমাদের প্রত্যাশা—তারা যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে প্রমাণ করে যে আইনের শক্তি অনেক বেশি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার প্রমুখ। এছাড়াও ডিআরইউ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দৃঢ়ভাবে ঘোষণা করেন, সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই দাবি নিয়ে তারা দীর্ঘমেয়াদী সংগ্রামে লিপ্ত থাকবেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ