ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাসেল শেখ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ‘বিজয়’ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে দিনব্যাপী বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান। এছাড়াও অংশ নেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা, ভুয়া গুজব, চাঁদাবাজি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রোধে প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ইউএনও মাহমুদ আশিক কবির জানান, "অনুষ্ঠান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম মোতায়েন থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত। সকলকে দায়িত্বশীল আচরণ, শালীনতা বজায় রাখা এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
পাশাপাশি অনুষ্ঠানস্থলে নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি আনন্দমুখর বাংলা নববর্ষ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করে সভা সমাপ্ত হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ