ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল ২০২৬) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে বুধবার (১ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। মূলত জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সংসদে 'মিসকোট' করার অভিযোগ তুলে তারা বিকেল ৫টা ৪৫ মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন।
সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে আমরা বিস্মিত, আহত ও মর্মাহত। নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দল—সবাই যে বিষয়ে একমত হয়েছিলাম এবং ক্যাম্পেইন করেছিলাম, আজ সেই রায়ের প্রতিফলন বা মূল্যায়ন হচ্ছে না। দেশবাসীর রায়ের এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না।”
বিরোধী দলের ওয়াকআউটের সময় স্পিকার তাদের অনুরোধ জানিয়ে বলেন, “ওয়াকআউট করা আপনাদের অধিকার, তবে একটু পরেই আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। প্রস্তাবটির ভাগ্য কী নির্ধারিত হয়, সেটি দেখার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন।” তবে স্পিকারের এই আহ্বানে সাড়া না দিয়েই বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
লিঁয়াজো কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ আদেশের পূর্ণ বাস্তবায়নের দাবিতে শনিবার বাদ আসর রাজধানীর রাজপথে ব্যাপক শোডাউন করা হবে। এই বিক্ষোভ কর্মসূচি সফল করতে জোটের পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সরকার ও বিরোধী দলের এই পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ