ইসরাইলে একের পর এক আঘাত হানছে ইরানের ‘কদর’ ক্ষেপণাস্ত্র

ইসরাইলে একের পর এক আঘাত হানছে ইরানের ‘কদর’ ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৭৮তম দফায় প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উত্তর ইসরাইলের হাইফা শহরে ইরানের একটি ক্লাস্টার বা গুচ্ছ বোমা একটি বাড়িতে আঘাত হেনেছে। এছাড়া উত্তর ইসরাইলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা এবার ইসরাইলে গুচ্ছ বোমা দিয়ে সজ্জিত 'কদর' ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানায়, হামলায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ধ্বংসাবশেষের ওপর পা দিয়ে আহত হওয়া এক ব্যক্তিসহ বেশ কয়েকজন আতঙ্কিত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসরাইলজুড়ে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই ক্ষেপণাস্ত্র হামলা চলে। তেল আবিব, জেরুজালেম, হাইফা এবং পশ্চিম গ্যালিলি এলাকায় ব্যাপক সতর্কতা ও সাইরেন জারি করা হয়েছিল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলের খোলা জায়গায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বন্দর নগরী হাইফার আশেপাশে গুচ্ছ বোমার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র আসার সংকেত পাওয়ার পর ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ড সাধারণ মানুষকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে প্রবেশের নির্দেশ দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

সূত্র: জেরুসালেম পোস্ট ও আল জাজিরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন