অফিস টাইমের নতুন নির্দেশনা: যাদের জন্য বাধ্যতামূলক নয়

অফিস টাইমের নতুন নির্দেশনা: যাদের জন্য বাধ্যতামূলক নয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে অবস্থান করা বাধ্যতামূলক করে আজ বুধবার পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই নির্দেশনায় দাপ্তরিক কাজে গতি আনতে কঠোর অবস্থান নেওয়া হলেও নির্দিষ্ট কিছু পেশা ও ক্ষেত্রে নিয়মটি শিথিল করা হয়েছে।

যাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয় পরিপত্র অনুযায়ী, সেবামূলক ও বিশেষায়িত কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ৪০ মিনিট অফিসে থাকার নিয়ম কার্যকর হবে না। এর মধ্যে রয়েছে:

  • শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান: যেসব শিক্ষক বা অনুষদ সদস্য প্রশাসনিক দায়িত্বে নেই।

  • জরুরি সেবা ও রোস্টার ডিউটি: হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা শিফটিং বা রোস্টার ডিউটি করেন।

  • মাঠপর্যায়ের দায়িত্ব: জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে কর্মরত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য।

নিয়ম চালুর কারণ ও শর্তাবলী মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, অনেক কর্মকর্তা দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে ব্যস্ততার অজুহাতে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না, যা জনসেবায় বিঘ্ন ঘটায়। এখন থেকে দাপ্তরিক কর্মসূচি এমনভাবে সাজাতে হবে যেন সকালের এই গুরুত্বপূর্ণ সময়টি বিঘ্নিত না হয়। তবে ভিভিআইপি প্রোটোকল, বড় দুর্ঘটনা মোকাবিলা, গুরুত্বপূর্ণ কূটনৈতিক সভা বা অনুমোদিত সরকারি সফর থাকলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থল ত্যাগ করা যাবে।

এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এমএম/সকালবেলা

মন্তব্য করুন