উখিয়ায় সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগ

উখিয়ায় সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সাহরির সময় ঘরে ঢুকে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লালা বিবি (৩০) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্করের স্ত্রী।

ঘটনার বিবরণ ও পরিবারের দাবি নিহতের পরিবার জানায়, ভোররাত ৩টার দিকে সাহরির প্রস্তুতি নেওয়ার সময় লালা বিবির চিৎকার শুনে স্বজনরা ছুটে গিয়ে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতের ভাসুর আবদুল আলমের অভিযোগ, লালা বিবির গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন।

পুলিশের ভাষ্য উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ ঘটনাটিকে ‘হত্যা’ হিসেবেই বিবেচনা করছে। তবে প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি; আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন