মোকামতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৩ কারখানাকে লাখ টাকা জরিমানা

মোকামতলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি: ৩ কারখানাকে লাখ টাকা জরিমানা

জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে তিনটি কারখানাকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) দুপুরে বিএসটিআই-এর লাইসেন্স না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সেমাইয়ের ব্যাপক চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্সহীনভাবে সেমাই উৎপাদন করছে। এমন তথ্যের ভিত্তিতে মোকামতলা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, তিনটি কারখানায় বিএসটিআই-এর কোনো বৈধ অনুমোদন নেই। এছাড়া অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনে পৃথক তিনটি মামলায় প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, "ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে রমজানে যেন কোনো নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাদ্য বাজারে না আসতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সকল খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে অবশ্যই বিএসটিআই-এর লাইসেন্স গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।"

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন