ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে দফায় দফায় বিস্ফোরণ ও চরম অস্থিরতার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সব দেশে যাত্রী পরিবহন স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান হামলা ও আকাশসীমার অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। তবে ঠিক কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পুনরায় কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং তাঁদের পরবর্তী গন্তব্য বা আবাসন বিষয়েও এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা দেয়নি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরান পাল্টা মিসাইল হামলা শুরু করায় এবং আকাশসীমা অনিরাপদ হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ