নরসিংদীতে লেবুর বাজারে আগুন: হালি ঠেকেছে ১২০ টাকায়

নরসিংদীতে লেবুর বাজারে আগুন: হালি ঠেকেছে ১২০ টাকায়

মো. নুরনবী সানি, নরসিংদী: বছরের অন্যান্য সময় চাহিদা যেমনই থাকুক, রমজান এলে ইফতারে লেবুর কদর বেড়ে যায় কয়েক গুণ। আর এই চাহিদাকে পুঁজি করে নরসিংদীর পলাশ উপজেলার বাজারগুলোতে হঠাত করেই লেবুর দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পলাশ উপজেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যে লেবু প্রতি হালি ৪০-৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে হালিতে দাম বেড়েছে প্রায় ৭০-৮০ টাকা। বর্তমানে বাজারে প্রতি পিস লেবু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

বাজারে আসা ক্রেতা মামুন আক্ষেপ করে বলেন, "এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি কিনেছি, এখন ১২০ টাকা দিতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বেশি।" সালমা বেগম নামের আরেক ক্রেতা বলেন, "রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। দাম বেশি হওয়ায় এখন আর কিনতে পারছি না।"

বিক্রেতারা এই ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারে সরবরাহ সংকটকে দায়ী করছেন। বিক্রেতা নাসির ও রনি জানান, শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায় এবং নতুন মৌসুমের লেবু আসতে এখনো দেরি আছে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

সরেজমিনে দেখা যায়, শুধু লেবুই নয়, খেজুরসহ অন্যান্য ফলমূল এবং ইফতারি পণ্যের দামও বেশ চড়া। তবে পোল্ট্রি মুরগির দাম কিছুটা কমেছে। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে প্রশাসনের নিয়মিত তদারকির জোর দাবি জানিয়েছেন উপজেলাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন