ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. হুমায়ুন কবীর, ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জেরে উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারের মাথা ন্যাড়া করে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মান্নান তালুকদার জানান, বুধবার দুপুরে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহে যাওয়ার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুন্সী ও তাঁর লোকজন তাঁকে টেনেহেঁচড়ে নামান। এরপর তাঁকে শারীরিক নির্যাতন করে পার্শ্ববর্তী একটি সেলুনে নিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়া হয়। আব্দুল মান্নান আক্ষেপ করে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বারবার জেল খাটলেও নিজ দলের কর্মীদের কাছে এমন বর্বরোচিত আচরণ তিনি আশা করেননি। তাঁর অপরাধ ছিল তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করেছিলেন।
স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন ত্যাগী কর্মীর ওপর এমন বর্বরতা মেনে নেওয়া যায় না। তবে অভিযুক্ত শাহী মুন্সী তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি বিএনপির সুনাম নষ্ট করার জন্য একটি সাজানো নাটক।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ