জামালগঞ্জে সরকারি রাস্তা দখল করে চাঁদাবাজির অভিযোগ: ভোগান্তিতে কয়েকশ পরিবার

জামালগঞ্জে সরকারি রাস্তা দখল করে চাঁদাবাজির অভিযোগ: ভোগান্তিতে কয়েকশ পরিবার

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত একটি পাকা রাস্তা দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শামীমের বিরুদ্ধে। রাস্তাটি বন্ধ করে দেওয়ায় গত দুই মাস ধরে ওই এলাকার শত শত মানুষ ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরের এডিপি বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাহাদুরপুর গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা করে। কাজ শেষ হওয়ার পরপরই অভিযুক্ত শামীম জোরপূর্বক রাস্তাটি বন্ধ করে দেন এবং এলাকাবাসীর কাছে রাস্তা ব্যবহারের বিনিময়ে প্রতি পরিবারে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। ইতোমধ্যে অনেকের কাছ থেকে ২ হাজার টাকা করে আদায় করার অভিযোগও পাওয়া গেছে। অভিযুক্ত শামীমের বিরুদ্ধে সাচনাবাজারের ব্যবসায়ীদের প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করে মান্নানঘাট বাজারে ব্যবসা করার অভিযোগও রয়েছে।

রাস্তাটি বন্ধ থাকায় বিকল্প পথ না পেয়ে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে হারিছ মিয়া জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শামীমকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; সত্যতা প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি রাস্তাটি দ্রুত দখলমুক্ত করে জনচলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন