ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে উঠেছে এবং দুই দেশের জনগণই এ সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করতে প্রধান ভূমিকা রাখবে।
অনিরুদ্ধ দাস উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা—এই তিনটি বিষয়কে কাজে লাগিয়ে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভিসা প্রদানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
চব্বিশের অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন দেখা দেয়, তার ফলে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ চলছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে ‘এইড টু বাংলাদেশ’ ও এলওসি প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ