ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় আগাম কোনো ঘোষণা বা নোটিশ ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল পর্যন্ত নিয়মিত পাঠদান চললেও আজ সকালে অনেক শিক্ষার্থী স্কুলে গিয়ে মূল ফটকে তালা ঝোলানো দেখে অবাক হয়ে বাড়ি ফিরেছে।
জানা গেছে, রমজান ও গ্রীষ্মকালীন ছুটি নিয়ে উচ্চ আদালতের নির্দেশের পর সরকারিভাবে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত আসলেও তা সঠিক সময়ে শিক্ষার্থীদের জানানো হয়নি। ফলে আজ বৃহস্পতিবার সকালে অনেক শিশু শিক্ষার্থী বই-খাতা নিয়ে স্কুলে গিয়ে শিক্ষকদের দেখা না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ফটকের সামনে দাঁড়িয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "গতকালও স্কুলে ক্লাস হয়েছে। কিন্তু আজ হঠাৎ স্কুল বন্ধ করে দেওয়া হলো। কোনো নোটিশ দেওয়া হয়নি, এমনকি বাচ্চাদের জানানোও হয়নি। সকালে বাচ্চা নিয়ে স্কুলে গিয়ে দেখি গেটে তালা। এটা কি অভিভাবকহীন শিক্ষা ব্যবস্থা?"
এ বিষয়ে বেতাগী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা দায় এড়ানোর চেষ্টা করেন। কয়েকজন প্রধান শিক্ষক জানান, "গতকাল স্কুল চলাকালীন সময়ে আমরা ছুটির কোনো আনুষ্ঠানিক নোটিশ বা প্রজ্ঞাপন পাইনি। রাত ৮টার দিকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে আগামী মাসের ২৭ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এত রাতে শিক্ষার্থীদের জানানো সম্ভব হয়নি।"
তবে অভিভাবকরা বলছেন, বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমে বা জরুরি নোটিশ টাঙিয়ে অন্তত সকালে আসার আগেই বিষয়টি জানানোর সুযোগ ছিল। এভাবে কোমলমতি শিশুদের ভোগান্তিতে ফেলা চরম অব্যবস্থাপনার শামিল।
এদিকে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে বক্তব্য জানতে বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ