ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী-এর মালিকানাধীন মানিকগঞ্জের ‘চাপওয়ালা’-এর শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে এক কাস্টমারকে কুপিয়ে জখমসহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আতিকুর রহমান খানের চাচা মো. খলিলুল রহমান খান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন— মো. ইমরান (২৪), মো. লিখন (২২), হাসান (২৭), জীবন (২৫), মুন্না (২২) ও মঞ্জুর (২৬)।
মামলার তথ্য অনুযায়ী, আতিকুর রহমান ৪-৫ জন বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে কয়েকজন নারী কাস্টমারের সঙ্গে আসামিরা দুর্ব্যবহার ও অনৈতিক আচরণ করছেন— এমন অভিযোগে তিনি ও তার বন্ধুরা প্রতিবাদ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরি, কুড়াল, বেলচা ও বাঁশের লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালায়। ইমরান ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। লিখন লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অভিযোগ রয়েছে, হামলার সময় তার পকেটের টাকা ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বাদী খলিলুল রহমান খান অভিযোগ করেন, রেস্টুরেন্টে একদল সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। তার ভাতিজা প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রেস্টুরেন্টের ম্যানেজার কিরণ খান বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং বিষয়টি তার জানা নেই।
ওমর সানী জানান, জনবল সংকটের কারণে লিখনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তার স্বভাব-চরিত্র নিয়ে সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। তিনি দাবি করেন, লিখন মাদকাসক্ত ও অসদাচরণকারী হওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও জানান, ঘটনার সময় পুলিশ ও সেনাসদস্যদের ফোন করে অবহিত করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী লিখনের কাছ থেকে মুচলেকা নিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন বলেন, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ