সাতক্ষীরার সব আসনে জামায়াতের জয়: নতুন জেলা গড়ার অঙ্গীকার ৪ এমপির

সাতক্ষীরার সব আসনে জামায়াতের জয়: নতুন জেলা গড়ার অঙ্গীকার ৪ এমপির

নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল গ্রহণের পর বিজয়ীরা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সবকটি আসনে জয় পাওয়ার পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শুকরানা নামাজ আদায় করেন এবং ৫৪ বছরের পিছিয়ে পড়া সাতক্ষীরার অধিকার আদায়ে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুল ইসলাম হাবিবকে ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ফলাফল গ্রহণের পর তিনি বলেন, সাতক্ষীরাকে চাঁদা ও সন্ত্রাসমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা বাস্তবায়ন করব। সাতক্ষীরাবাসীর ওপর যেন আর কোনো জুলুম-হয়রানি না হয়, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি মডেল জেলা গড়তে জেলা প্রশাসককে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন মুহাদ্দিস আবদুল খালেক। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আবদুর রউফের চেয়ে ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলমকে ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে হারিয়ে দুর্নীতিমুক্ত জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি উপকূলীয় এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।

জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, কে ভোট দিয়েছেন আর কে দেননি সেটি এখন আর মুখ্য নয়। আমরা সাতক্ষীরার হারানো অধিকার ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এই চার প্রতিনিধি সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলতে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন