ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী যথাক্রমে সরওয়ার আলমগীর ও আসলাম চৌধুরী। তবে নির্বাচনে জয়ী হলেও এখনই তারা সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয়ের বিরুদ্ধে চলমান অর্থঋণ মামলা সংক্রান্ত আইনি জটিলতা ও হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নাম সরকারিভাবে গেজেটভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর এই দুই প্রার্থীর গেজেট প্রকাশের বিষয়টি নির্ভর করছে। তবে এ বিষয়ে শঙ্কার কিছু নেই বলে মনে করছেন বিজয়ী প্রার্থীরা। সরওয়ার আলমগীর ও আসলাম চৌধুরী উভয়ই আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী রোববার হাইকোর্টের নিয়মিত কার্যক্রম চালু হলে দীর্ঘদিনের এই আপিল নিষ্পত্তির বিষয়টি সুরাহা হবে এবং দ্রুতই তারা গেজেটভুক্ত হয়ে শপথ গ্রহণ করতে পারবেন। চট্টগ্রাম-২ ও ৪ আসনে দলীয় প্রার্থীর এমন বড় জয়ে এলাকায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিলেও গেজেট স্থগিতের খবরে কিঞ্চিৎ উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১৩টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে এনসিপি ৫টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, জাতীয় পার্টি (বিজেপি) ১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি ও গণসংহতি আন্দোলন ১টি আসনে জয়লাভ করেছে। দলীয় প্রার্থীর বাইরে এবার স্বতন্ত্র হিসেবে বিজয়ী হয়েছেন মোট ৭ জন প্রার্থী। একটি আসনের ফলাফল স্থগিত বা বাকি থাকায় সেটির সিদ্ধান্তের পর চূড়ান্ত চিত্র আরও পরিষ্কার হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ