রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, এলাকায় আতঙ্ক

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, এলাকায় আতঙ্ক

নাহিদ জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় ভোটকেন্দ্রের কাছে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং মোটরসাইকেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই আকস্মিক ঘটনায় ভোটকেন্দ্রের আশপাশে থাকা ভোটার ও স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং ভোটগ্রহণ অব্যাহত থাকে।

খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও মাহফুজুল হক জানান, “দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এতে ভোটগ্রহণে কোনো ব্যাঘাত ঘটেনি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি।”

রাজৈর থানা পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলের মালিক কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ওই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন