ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বাজিতপুর: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের তিন কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট চলাকালীন বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন— হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের নাঈম হোসেন (২৮), তার বাবা মো. হাসান মিয়া (৫৮) ও আব্দুল কাইউম (৬২)। তাদের সবার মাথা, বুক ও হাত-পায়ে গুরুতর জখম রয়েছে। এদের মধ্যে নাঈমের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আল আমিন (২০) নামে বিএনপির এক সমর্থক আহত হয়েছেন। আহত চারজনকেই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের অভিযোগ, ধানের শীষ প্রতীকের প্রার্থীর চিহ্নিত কর্মীরা তার সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয় এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির দাবি করেন, হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়ার কর্মীরাই এই হামলার নেতৃত্ব দিয়েছেন।
এদিকে, এই হামলার ঘটনার জেরে ‘হাঁস’ মার্কার ক্ষুব্ধ কর্মীরা শেখদী গ্রামে গিয়ে কাজল ভূঁইয়া ও তার ভাইসহ সাত-আটজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে পাল্টা অভিযোগ পাওয়া গেছে। কাজল ভূঁইয়া তার বাড়িঘরে হামলার সত্যতা নিশ্চিত করলেও হাঁস মার্কার কর্মীদের ওপর হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাজিতপুর থানার ওসি এস. এম. শহীদুল্লাহ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ