ভোট দিতে গিয়ে যমজ সন্তানকে হারালেন মা: চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোট দিতে গিয়ে যমজ সন্তানকে হারালেন মা: চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে হাসান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা উপজেলার খোরদ গোরস্থানপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ভোটের উৎসবে মেতে থাকা পরিবারটিতে এখন বইছে শোকের মাতম।

নিহত হাসান উপজেলার শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার উদ্দেশ্যে দুই যমজ সন্তান হাসান ও হুসাইনকে নিয়ে আলমডাঙ্গায় বাবার বাড়িতে এসেছিলেন ইসরাইলের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে যমজ দুই ভাইকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যদের সাথে স্থানীয় কেন্দ্রে ভোট দিতে যান মা। প্রায় এক ঘণ্টা পর ভোট দিয়ে বাড়ি ফিরে তিনি হাসানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে হাসানের নিথর দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। দ্রুত উদ্ধার করে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যমজ দুই ভাইয়ের একজনকে হারিয়ে মা ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস। ভোট দেওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ফুটফুটে শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন