ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: দীর্ঘ প্রায় সাড়ে ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২ মিনিটে নেত্রকোনার মদন উপজেলার ‘মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ কেন্দ্রে সপরিবারে উপস্থিত হয়ে তিনি ভোট প্রদান করেন।
ভোটদান শেষে গণমাধ্যমের সামনে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, “আমি কল্পনাও করিনি জীবনে আবার কোনোদিন ভোট দিতে পারব। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ১৭ বছর পর আমি এবং আমার পরিবার এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছি। আমার সন্তানদের জন্য এটি ছিল জীবনের প্রথম ভোট, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।” এসময় তিনি নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ ও ২০০১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি মুক্তি পান এবং এবার নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে পুনরায় ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করছেন।
এই আসনে বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা)। এ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিবির জলি তালুকদার (কাস্তে), ইসলামী আন্দোলনের মো. মুখলেছুর রহমান (হাতপাখা) এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার (কোদাল)। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ