ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এস এম সাহান, ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ এক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর শহরের কমলাপুর মহল্লায় নিজ বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী পরিবেশ ও তাঁর দলের অবস্থান তুলে ধরেন। চৌধুরী নায়াব ইউসুফ বলেন যে ফরিদপুর সদর আসনে এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূল রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপারে কিছু বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি এবং নির্বাচনী সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে ধানের শীষের এই প্রার্থী একটি বিশেষ নিরাপত্তা ও স্বচ্ছতার দাবি জানান। তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন যেন বোরকা পরিহিত নারী ভোটারদের মুখ দেখে পরিচয় নিশ্চিত করে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে ছদ্মবেশে কোনো জালিয়াতি না ঘটতে পারে। এ সময় তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ পক্ষ বাড়ি বাড়ি গিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সংগ্রহ করছে এবং ধর্মকে ব্যবহার করে চটকদার কথার মাধ্যমে নারী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিষয়টিকে তিনি ‘দুর্লভিসন্ধিমূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন।

নায়াব ইউসুফ আরও জানান, বিদেশে অবস্থানরত অনেক ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন, যা তাঁদের বিজয়ের পথে আশাব্যঞ্জক। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে ধানের শীষের জয় নিশ্চিত বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফ এবং অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন