ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নির্বাচনে এত বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়নি।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে বলেন যে, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, কোথাও যদি কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটে, তবে তা সাথে সাথে কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক ও জনসাধারণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, এবারের নির্বাচন যেকোনো সময়ের চেয়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রতিটি এলাকার ঝুঁকি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সম্মিলিত প্রচেষ্টা দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করবে এবং একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ