মোংলায় ফাদার মারিনো রিগনের ১০১তম জন্মবার্ষিকী পালিত

মোংলায় ফাদার মারিনো রিগনের ১০১তম জন্মবার্ষিকী পালিত

রিপন হালদার, মোংলা: ইতালীয় বংশোদ্ভূত মিশনারি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মোংলায় তাঁর সমাধি চত্বরে এক স্মরণসভার আয়োজন করেন স্থানীয় সর্বস্তরের জনগণ।

স্মরণসভায় বক্তারা বলেন, ফাদার মারিনো রিগনকে বাদ দিয়ে মোংলার উন্নয়ন ও ইতিহাস ভাবা যায় না। ১৯৫৩ সালে বাংলাদেশে আসার পর দীর্ঘ জীবনে তিনি সুন্দরবন উপকূলীয় অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে এই মোংলার মাটিতেই সমাহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ফাদার মারিনো রিগন এই সুন্দরবন উপকূলে মানব ও প্রকৃতির মুক্তি এবং উন্নয়নের অনন্য নজির স্থাপন করেছেন। তিনি শুধু মানবসেবায় নয়, এদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিরও পরম বন্ধু ছিলেন।”

মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ বলেন, “ফাদার রিগনের মস্তকে রবীন্দ্রনাথ এবং অন্তরে লালন ছিল। তিনি ইতালিতে বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।” সভাপতির বক্তব্যে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস উল্লেখ করেন, ফাদার রিগন মোংলা অঞ্চলে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান, সেন্ট পলস স্কুল ও হাসপাতালসহ অসংখ্য সেলাই কেন্দ্র স্থাপন করে নারীদের আত্মকর্মসংস্থানে বিশেষ ভূমিকা রেখেছেন।

সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আর.এইচ/সকালবেলা

মন্তব্য করুন