ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের বিশেষ বাসের দাবি

ভোটাধিকার নিশ্চিত করতে কুবি শিক্ষার্থীদের বিশেষ বাসের দাবি

কুবি সংবাদদাতা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুবি ‘জাতীয় ছাত্রশক্তি’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভোটার। নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দিতে তারা অত্যন্ত আগ্রহী হলেও যাতায়াত ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অনেকেই অনিশ্চয়তার মুখে পড়েছেন। এতে করে শিক্ষার্থীদের একটি বড় অংশের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য অন্তরায়।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনে সহায়তা করা এবং তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সেবার ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। ছাত্রশক্তির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

মন্তব্য করুন