সোশ্যাল মিডিয়া ছাড়ায় আর্থিক ক্ষতি, বিনিময়ে মিলল কোটি টাকার মানসিক প্রশান্তি

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়া ছাড়ায় আর্থিক ক্ষতি, বিনিময়ে মিলল কোটি টাকার মানসিক প্রশান্তি

শোবিজ ডেস্ক: ক্যারিয়ারের সুবর্ণ সময়ে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে এক ব্যতিক্রমী ও সাহসী বার্তা দিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ঐশ্বরিয়া লক্ষ্মী। ইনস্টাগ্রাম ত্যাগ করার এক বছর পূর্ণ হওয়ার পর সম্প্রতি নিজের জীবনের বিশেষ পরিবর্তনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে না থাকার কারণে বড় অঙ্কের আর্থিক সুযোগ হাতছাড়া হলেও এর বিনিময়ে অর্জিত মানসিক প্রশান্তিকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন এই তারকা।

আন্তর্জাতিক বিনোদনভিত্তিক মাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, সাইবার জগতের বিষাক্ত পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তৈরি বিকৃত ছবি-ভিডিও এবং তারকাদের ঘিরে 'অশ্লীল এডিটিং কালচার' তাকে মানসিকভাবে মারাত্মক ক্লান্ত ও বিরক্ত করে তুলেছিল। পরবর্তীতে নিজের মানসিক সুস্থতা ও জীবনের ভারসাম্য বজায় রাখতেই ভার্চুয়াল দুনিয়া থেকে সম্পূর্ণ সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

ইনস্টাগ্রামে সক্রিয় না থাকায় বিপুল পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা হাতছাড়া হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তার ম্যানেজার ও এজেন্টরা প্রায়ই তাকে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসার অনুরোধ জানান। তবে ঐশ্বরিয়া স্পষ্ট জানিয়েছেন, "ভার্চুয়াল দুনিয়া থেকে দূরে থেকে আমি যে পরিমাণ মানসিক সুস্থতা ও ভারসাম্য পেয়েছি, তার মূল্য ওই হারিয়ে যাওয়া অর্থের চেয়ে বহুগুণ বেশি।" তিনি এখন থেকে কেবল নিজের কাজ বা অভিনয় দিয়েই দর্শকের হৃদয়ে পৌঁছাতে চান।

পেশায় চিকিৎসক থাকা অবস্থায় ২০১৭ সালে মালয়ালম সিনেমা দিয়ে রুপালি জগতে আত্মপ্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া লক্ষ্মী। পরবর্তীতে 'মায়ানাদী', 'ভারাথান' এবং প্রখ্যাত পরিচালক মণি রত্নমের সর্বকালের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র 'পোন্নিয়িন সেলভান'-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক খ্যাতি কুড়ান তিনি।

মন্তব্য করুন