বখাটের হামলায় স্কুলছাত্রীর ৫টি দাঁত ভেঙে চুরমার

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
বখাটের হামলায় স্কুলছাত্রীর ৫টি দাঁত ভেঙে চুরমার

বিশেষ প্রতিনিধি: বরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া এবং উত্ত্যক্তের প্রতিবাদ করায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফয়সাল মৃধা নামে এক বখাটের বিরুদ্ধে।

মারধরের ফলে ওই শিশুটির তিনটি দাঁত উপড়ে গেছে এবং দু’টি দাঁত মারাত্মকভাবে ভেঙে গেছে। বর্তমানে সে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিয়ে যান।

আহত শিক্ষার্থীর স্বজনেরা জানান, প্রতিবেশী ফয়সাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে একটি মীমাংসা বৈঠক করেন। তবে পুলিশের কাছে অভিযোগ করার জেরে চরম ক্ষিপ্ত হয়ে ওঠে ফয়সাল ও তার পরিবার। এরই জের ধরে সোমবার বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও উপর্যুপরি লাথি মারা হয়।

ঘটনার পর সোমবার রাতেই শিক্ষার্থীর মা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ফয়সালের মা শিরিন বেগমকে গ্রেপ্তার করেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর মূল অভিযুক্ত ফয়সাল গা ঢাকা দেওয়ায় তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মূল আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন