ফ্যামিলি কার্ড বিতরণে দালালের স্থান নেই: তথ্যমন্ত্রী স্বপন
সরকারি ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
জনগণের সেবায় সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "ক্ষমতার প্রকৃত উৎস হলো এ দেশের সাধারণ জনগণ, আর আমরা হচ্ছি কেবল জনগণের সেবক। তাদের অধিকার নিশ্চিতে আমাদের কাজ করে যেতে হবে।"
পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে দলমত নির্বিশেষে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।"
আলোচনা শেষে মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উৎসাহের সাথে কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
|