বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা উভয়েই ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা এবং জীবিকার তাগিদে বান্দরবানে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল থেকেই বান্দরবান সদর হাসপাতালের নতুন সার্ভিস ভবনের নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল। দুপুর ১২টার দিকে ভবনের ওপরের অংশে কাজ করার সময় অসাবধানতাবশত একটি রড বা লোহার অ্যাঙ্গেল ভবনের ঘেঁষে যাওয়া পিডিবির (PDB) উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মেইন লাইনের তারের ওপর গিয়ে পড়ে। এ সময় মুহূর্তের মধ্যে পুরো লোহার অ্যাঙ্গেলটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং লাইনের সংস্পর্শে থাকা দুই শ্রমিক তীব্রভাবে শট খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে লোহার অ্যাঙ্গেলের সরাসরি সংযোগ ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্মাণ কাজে সুরক্ষাব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।”
বান্দরবান সদর থানার পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এআইএল/সকালবেলা
|