নরসিংদীতে অস্বাস্থ্যকর বেকারিকে জরিমানা
এস এম আরিফুল হাসান, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার হাজীপুর এলাকায় বিএসটিআই (BSTI) লাইসেন্স ছাড়া সম্পূর্ণ অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে একটি বেকারি ফ্যাক্টরিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর এলাকার ওই বেকারি ফ্যাক্টরিতে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বিএসটিআই লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী উৎপাদন ও বাজারজাত করে আসছিল। একই সাথে ফ্যাক্টরির ভেতরে খাদ্য উৎপাদনের সামগ্রিক পরিবেশ ছিল অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর ও জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
পরবর্তীতে বিএসটিআই-এর ফিল্ড পরিদর্শক রাসেলের দেওয়া প্রসিকিউশনের ভিত্তিতে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ভোক্তা অধিকার ক্ষুণ্ণ ও আইন অমান্য করার অপরাধে ফ্যাক্টরি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযান শেষে তিনি সংবাদিকদের বলেন, “সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সুনির্দিষ্ট নির্দেশনায় জেলা প্রশাসনের এই নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য উৎপাদনে আইন ও মানদণ্ড অমান্যকারী ও ভেজালকারীদের বিরুদ্ধে আগামীতেও আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্যের নিরাপত্তার প্রশ্নে জেলা প্রশাসনের কোনো আপসের সুযোগ নেই।”
গুরুত্বপূর্ণ এই অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে র্যাব-১১ ও আনসার বাহিনীর একটি চৌকস যৌথ দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার সুরক্ষায় জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|