মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শতাধিক সাধারণ সমর্থক ও স্থানীয় লোকজন নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন ইকবাল হোসেন বিপু তালুকদার।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাত আটটার দিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের নিজস্ব কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন বাজার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বিপু তালুকদারের নেতৃত্বে শতাধিক সাধারণ মানুষ একত্রিত হয়ে বিএনপি কার্যালয়ে আসেন। পরে তাঁরা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে ইকবাল হোসেন বিপু তালুকদারের কোনো রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিক সম্পৃক্ততা ছিল না বলে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, "বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের গণতান্ত্রিক অধিকার ও প্রত্যাশা পূরণে বিএনপি রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক সাধারণ মানুষ এবং বিভিন্ন অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা যখন বিএনপিতে যোগ দিচ্ছেন, তখন আমরা তাঁদের সাদরে স্বাগত জানাই। এটি দলের হাতকে আরও শক্তিশালী করবে।"
বিএনপিতে যোগদান শেষে ইকবাল হোসেন বিপু তালুকদার ও তাঁর সমর্থকেরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। একই সাথে তাঁরা বিএনপির মূল আদর্শ ও চলমান রাজনৈতিক কর্মসূচিগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা