মৌখিক প্রতিশ্রুতি মানবে না ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জনগণের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না তেহরান। মার্কিন প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করে এই সাফ বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারাভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
রোববার (৩১ মে) সকালে অনুষ্ঠিত ইরানের পার্লামেন্টের একটি ভার্চুয়াল অধিবেশনে স্পিকার গালিবাফ এই মন্তব্য করেন। সম্প্রতি তিনি পুনরায় ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেসিডিয়ামের সদস্যদের পাশাপাশি নতুন মেয়াদে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে গালিবাফ ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। তাই কোনো চুক্তিতে যাওয়ার আগে আমাদের একমাত্র শর্ত হলো দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফল অর্জন করা।” তেহরান নিজের প্রতিশ্রুতি পূরণের আগেই এই বাস্তব ও দৃশ্যমান ফলাফল দেখতে চায় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো ধরনের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষা এবং বাস্তব অর্থনৈতিক বা রাজনৈতিক অগ্রগতি অর্জনই হবে তেহরানের প্রধান মাপকাঠি। এর বাইরে কোনো ধরনের মৌখিক বা ফাঁকা প্রতিশ্রুতি ইরান সরকার কোনো অবস্থাতেই মেনে নেবে না।
|