পুশইন প্রশ্নে শুভেন্দুর জবাব: ‘কোনো উত্তর দেব না, দায়িত্ব দিল্লির’

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ
পুশইন প্রশ্নে শুভেন্দুর জবাব: ‘কোনো উত্তর দেব না, দায়িত্ব দিল্লির’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান ‘পুশইন’ বা পুশব্যাক বিতর্ক নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উল্লেখ করেছেন, বিষয়টি যেহেতু একটি বহিরাগত দেশের নীতি ও সার্বভৌমত্বের সাথে জড়িত, তাই এর দায়দায়িত্ব সম্পূর্ণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

শুক্রবার (১২ জুন) কলকাতার নিউটাউনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের এই অনমনীয় অবস্থানের কথা জানান। ভারতের নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনেও এই পুশইন ইস্যুতে কোনো স্থায়ী সমাধান না আসায় সীমান্ত রাজনীতি এখন বেশ সরগরম।

সংবাদ সম্মেলনে পুশইন নিয়ে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না।’

ভারতের এই পুশইনের প্রতিবাদে বাংলাদেশে আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী রাজপথের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এছাড়া আগামী ১৪ জুন বাংলাদেশের জাতীয় সংসদে এই ইস্যুতে একটি নিন্দা বা উদ্বেগ প্রস্তাব আনা হতে পারে বলেও খবর চাউর হয়েছে।

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ‘একটি বাইরের দেশের সংসদে কোন বিষয় উত্থাপন করবেন, এটি আপনার মুখ থেকে শুনছি। এ ব্যাপারে আমি কোনো উত্তর দেব না। যদি তারা প্রস্তাব আনে, তবে তার জবাব দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্দিষ্ট পররাষ্ট্রনীতি রয়েছে। তাছাড়া বাংলাদেশ সীমান্ত শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই যুক্ত নয়, আরও চারটি রাজ্যের সঙ্গে রয়েছে। এ ব্যাপারে মন্তব্য করার একমাত্র দায়িত্বপূর্ণ কর্তৃপক্ষ হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি প্রয়োজন হয়, তারা প্রতিক্রিয়া জানাবে।’

মন্তব্য করুন