বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ণ
বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদক সেবন ও বহনের অপরাধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৩৬(১) ধারার বর্ণিত সারণির ২১ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বীরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. রাব্বি (২০) এবং প্রাণনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সাঈদ ইসলাম (২২)। রায় কার্যকরের পর আজ রবিবার যথাযথ পুলিশি প্রহরায় দণ্ডপ্রাপ্ত দুই মাদকসেবীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন