বলিউডের চাঙ্কি পান্ডের সঙ্গে হঠাৎ এক ফ্রেমে চঞ্চল

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ
বলিউডের চাঙ্কি পান্ডের সঙ্গে হঠাৎ এক ফ্রেমে চঞ্চল

বিনোদন ডেস্ক: দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের এক আকস্মিক সাক্ষাৎ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নেটদুনিয়ায় বেশ আলোচনায়। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে চাঙ্কি পান্ডের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী।

শনিবার (১৬ মে) ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন ‘হঠাৎ দেখা চাঙ্কি পান্ডে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি ভালোবাসার ইমোজি। ছবির ব্যাকগ্রাউন্ড দেখে নেটিজেনদের ধারণা, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই আকস্মিক ও মধুর সাক্ষাৎ ঘটেছে।

ছবিটি প্রকাশ হতেই চঞ্চলের ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা যায়। ছবিটির কমেন্ট বক্সে বইছে রসাত্মক ও প্রশংসামূলক মন্তব্যের ঝড়। অনেক ভক্ত চঞ্চল চৌধুরীকে শুভকামনা জানিয়ে বলিউডের বড় কোনো প্রজেক্টে তাঁর যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ চাঙ্কি পান্ডের পুরোনো ঢাকাই সিনেমার ক্যারিয়ারের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক মন্তব্য করেছেন।

বলিউডের পাশাপাশি চাঙ্কি পান্ডে একসময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। বিশেষ করে নব্বইয়ের দশকে এ দেশের ‘স্বামী কেন আসামি’ এবং ‘বেশ করেছি প্রেম করেছি’র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি বাঙালি দর্শকদের মন জয় করেন।

বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি নতুন করে আলোচনায় থাকেন তাঁর মেয়ে এবং বলিউডের বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের কারণে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন