রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের প্রধান সড়ক নাগরপুর-চৌহালী রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কে অসংখ্য খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কটির বেহাল দশার কারণে দেখে মনে হয়, এটি যেন সড়ক তো নয়—এক সরু খাল।
জানা যায়, নাগরপুর উপজেলায় প্রবেশ ও বের হওয়ার ৪টি প্রধান সড়কের মধ্যে নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সড়কে ব্যাংক, বীমা, এনজিও এবং পল্লী বিদ্যুৎ কার্যালয় থাকায় অন্যান্য সড়কের চেয়ে এখানে যানবাহন ও জনসাধারণের চলাচল অনেক বেশি। বিশেষ করে একটু বৃষ্টি হলেই নাগরপুর সোনালী ব্যাংক সড়ক থেকে চৌহালী সড়কের দুয়াজানী দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন সংস্কার না করা এবং অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের ফলে এই নরকযন্ত্রণা তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
সদর বাজার ব্যবসায়ী নুরুল আলম সেতু আক্ষেপ করে বলেন, “সোনালী ব্যাংক রোডে সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে বেহাল অবস্থা দাঁড়ায়। দীর্ঘদিন এই সড়কটি আমাদের গলার কাঁটা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। ভাব দেখে মনে হয় এদের যেন কিছুই করার নেই।” রিকশাচালক নিরঞ্জন জানান, দেলু মিয়ার ব্রিজ থেকে সদর বাজারে প্রবেশপথ বটতলা হয়ে তালতলা পর্যন্ত মাত্র আধা কিলোমিটার রাস্তা পাড়ি দিতে প্রায় ৩০ মিনিট সময় বেশি লেগে যায়। অনেক সময় রাস্তার কাদাপানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
সরেজমিনে দেখা যায়, উক্ত সড়কের দেলু মিয়ার ব্রিজ হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই নাজুক। বড় বড় গর্তে পানি জমে থাকায় প্রতিদিন বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ও ইজিবাইক উল্টে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব জানান, নাগরপুর-চৌহালী সড়কের সংস্কার কাজ দুটি প্যাকেজে ইতিমধ্যে শুরু হয়েছে। তবে বালি ও মাটি সংকটের কারণে কাজ সাময়িকভাবে বন্ধ ছিল। তিনি আরও জানান, সড়কের যেসব অংশে নিচু ঢাল রয়েছে, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সেই জায়গাগুলো টেকসই ঢালাইয়ের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে।
এ.আই.এল/সকালবেলা