মো. মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বিতা গড়ে তুলতে মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করে জেলা ব্যুরো অফিস ‘মিডিয়া কর্নার কামারপুকুর’।
রবিবার (১৭ মে) কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচটি অসহায় ও দুস্থ পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক জয়নাল আবেদীন হিরো। ছাগল পেয়ে উপকারভোগীরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সহায়তা আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। ছাগল পালন করে আমরা পরিবারের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করার চেষ্টা করব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ছোট ছোট সহায়তাই একসময় বড় পরিবর্তনের সূচনা করে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র মানুষ একদিন স্বাবলম্বী হয়ে উঠবে—এটাই আমাদের প্রধান প্রত্যাশা।” আয়োজকেরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি মাসেই এ ধরনের সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
ছাগল বিতরণ কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আকর্ষণীয় বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জিকরুল হক, কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, নূর আলম ভরসা, সাংবাদিক মাইনুল হক, এম আর আলম টুটুল, নাজমুল হক ও রাজু আহমেদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা