ঘোড়াঘাটে কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
ঘোড়াঘাটে কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার

শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে শাহ আলম নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৭ মে) লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে এলাকায় গভীর রহস্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে একপর্যায়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে নিজ বাড়িতেই লোহার সাবল দিয়ে নিজের মাথায় আঘাত করেন এবং ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

তবে ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আসলেই পারিবারিক কলহের জেরে আত্মহনন নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধোঁয়াশা দেখা দিয়েছে। লোহার সাবল দিয়ে নিজের মাথায় আঘাত করে আবার নিজের গলা নিজে কেটে ফেলা সম্ভব কি না—তা নিয়ে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করছেন।

ঘটনার খবর পেয়ে ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের (পোস্টমর্টেম) প্রতিবেদন এবং সুষ্ঠু তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন