হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ
হামে শিশু মৃত্যুর জন্য সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনার জন্য বর্তমান সরকারকে সরাসরি দায়ী করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, মহামারি নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে।

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাস্থ্য খাতের চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "দেশে হামের পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। সরকারের উচিত অবিলম্বে দেশে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা এবং কয়েকটি নির্দিষ্ট হাসপাতালকে কেবল হামের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা।"

বক্তব্যের একপর্যায়ে তিনি যুবশক্তিকে রাজপথের নতুন কর্মসূচির জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দিয়ে তিনি বলেন, "পানির ন্যায্য হিস্যা ও সীমান্ত সুরক্ষার স্বার্থে আমরা শিগগিরই 'সীমান্ত লংমার্চ' করব। ভারতে হিন্দুত্ববাদের উত্থানের ফলে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ ইন করা হচ্ছে। বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলা করে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা এই সরকারের পক্ষে সম্ভব নয়।" সরকারপ্রধানের সমালোচনা করে তিনি বলেন, "এটি শহীদ জিয়ার সরকার নয়, এটি তারেক রহমানের সরকার। তাই তাঁর ওপর চোখ বুজে আস্থা রাখার কোনো কারণ নেই।"

রাষ্ট্রের সংস্কার ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে সরকার জনগণের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "এই সরকার গণভোটের ঐতিহাসিক রায়কে সরাসরি প্রত্যাখ্যান করেছে। যুবকদের এক কোটি কর্মসংস্থান দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কোনো লক্ষণই নেই।"

সবশেষে সরকারের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, "কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত জ্বালানি চুক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে বড় বড় বাণিজ্য চুক্তি করা হয়েছে। এই অসম চুক্তিগুলো অবিলম্বে সংসদে উন্মুক্ত করে আলোচনা করতে হবে। শুধু প্রচারণা আর পরাশক্তির লেজ ধরে দেশ চালানো যায় না। রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান যতটা সফল ছিলেন, তারেক রহমান ঠিক ততটাই ব্যর্থ হতে চলছেন।"

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন