বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ইরান

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল ইরান

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে এখনও পুরোপুরি কাটেনি রাজনৈতিক ও ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা। এই জটিলতা নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের মধ্যে যখন জরুরি বৈঠক চলছে, ঠিক তখনই আসন্ন বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান।

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড হবে ২৬ সদস্যের। তবে প্রস্তুতি ক্যাম্পের জন্য অতিরিক্ত চারজনকে ব্যাকআপ হিসেবে রেখে এই বড় স্কোয়াড ঘোষণা করেছে তারা। আগামী সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দেবে ইরান ফুটবল দল। দেশটির আন্তালিয়ায় তারা একটি নিবিড় অনুশীলন ক্যাম্প করবে এবং সেখানে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি নিশ্চিত হয়েছে। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তুরস্কে অবস্থানকালেই দলটির খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

ঘোষিত স্কোয়াডে যথারীতি রয়েছেন ইরানের পোস্টার বয় ও তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তাঁর সঙ্গে দলে ডাক পেয়েছেন আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার, যাদের জাতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে একটি ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ দল নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইরান।

তবে স্কোয়াড নির্বাচন করতে গিয়ে হেড কোচ আমির গালেনোইকে বেশ কিছু কঠোর ও বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। দল থেকে বাদ পড়েছেন দেশের ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুন। এছাড়া বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ এবং তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদও চূড়ান্ত এই প্রাথমিক তালিকায় জায়গা পাননি।

দল ঘোষণার পর হেড কোচ আমির গালেনোই বলেন, "বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন ফুটবলার বাছাই করা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্তগুলোর একটি ছিল।"

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আরিজোনার টাকসনে নিজেদের বেজ ক্যাম্প বা ঘাঁটি গাড়বে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই শহরে দ্বিতীয় ম্যাচে তারা শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে। এরপর সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান পরাশক্তিরা।

আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ। দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান। রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি। আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন