আন্তর্জাতিক ডেস্ক: আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। এর মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার রাজ্যে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার গৌরব অর্জন করল।
মঙ্গলবার (১২ মে) গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তিনি এই শপথ গ্রহণ করেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি আরও চারজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন— রামেশ্বর তেলি, অগপ নেতা অতুল বরা, বিপিএফ নেতা চরণ বোরো এবং অজন্তা নেওগ।
শপথ অনুষ্ঠানটি রূপ নিয়েছিল এক রাজনৈতিক মিলনমেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এই অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া এনডিএ-এর ৪০ জনেরও বেশি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী উপস্থিত থেকে হিমন্ত সরকারকে অভিনন্দন জানান।
২০২৬ সালের আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন। জোটের শরিক অসম গণ পরিষদ (এজিপি) ১০টি এবং বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) ১০টি আসন লাভ করেছে।
এজিপি সভাপতি অতুল বরা বোকাখাত আসন থেকে টানা তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী ৫ বছর আসামের উন্নয়ন ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।