ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুন বিকেল ৩টা পর্যন্ত।

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://admission.duetbd.org/) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা বিকাশ, রকেট বা অগ্রণী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া যাবে।

এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৩.০০ থাকতে হবে। ডিপ্লোমা: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৩.০০ থাকতে হবে। পাসের সাল: শুধুমাত্র ২০২৪ ও পরবর্তী বছরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাই এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন (শিক্ষকদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য)।

মেকানিক্যাল, আইপিই ও এমএমই বিভাগের জন্য একটি আবেদনেই পছন্দের ক্রম উল্লেখ করা যাবে। তবে একাধিক ভিন্ন অনুষদে পরীক্ষা দিতে চাইলে আলাদাভাবে আবেদন করতে হবে। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রসপেক্টাস ডুয়েটের অফিশিয়াল ভর্তি পোর্টালে পাওয়া যাবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন