আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জন গ্রেফতার

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে ৪১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইনের একটি নির্দিষ্ট সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির একাধিক অভিযোগ ছিল। সরকারি প্রসিকিউটরদের তদন্ত এবং দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই সংগঠনের সাথে সম্পৃক্ত অন্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই সময়ও আইআরজিসি-র সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে আটক করেছিল বাহরাইন। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানও এই অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলা চালিয়েছিল এবং হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন, যা বর্তমানে কূটনীতির পথ কিছুটা প্রশস্ত রেখেছে। তবে এর মধ্যেই বাহরাইনে এই গণগ্রেফতারের ঘটনা নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।


মন্তব্য করুন