দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৯ মে) দুপুরে বীরগঞ্জ পৌর শহর ও শতগ্রাম ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের গোলাপগঞ্জ রোডের কলেজ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইনজামানুল হক পায়েলকে আটক করে পুলিশ। এছাড়া মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম, নাহিদ ইসলাম সবুজ ও রুবেল ইসলাম মামুন নামে তিন মাদক সম্রাটকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন আটককৃত এই তিনজনকে এক বছর করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা প্রদান করেন।
অন্যদিকে, বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোস্তফা কামাল শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে প্রসাদপাড়া গ্রামের আলামিন নামে একজনকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১,০০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা। আটককৃত আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা