ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে অপদস্থ করার ঘটনায় প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৬ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে এই আদেশ জারি করা হয়।
গত ২৮ এপ্রিল বিদ্যালয়ের গাছ থেকে কাঁচা আম পেড়ে খেয়েছিল পঞ্চম ও চতুর্থ শ্রেণির তিন শিক্ষার্থী। এর পরদিন প্রধান শিক্ষিকা গোল সাহানারা তাদের ডেকে প্রথমে বেত্রাঘাত করেন এবং পরে গলায় জুতার মালা ও পিঠে ‘আমি আম চোর’ লেখা স্টিকার লাগিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরান। এই অমানবিক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোমলমতি শিশুদের এভাবে অপদস্থ করার মাধ্যমে শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এ.আই.এল/সকালবেলা